জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন।
মঙ্গলবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের পর সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
আখতার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের জন্য ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে গিয়ে সংসদ সদস্য ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অবমূল্যায়ন করেছেন।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।”
জুলাই জাদুঘর দ্রুত উদ্বোধনের দাবি জানিয়ে আখতার হোসেন বলেন, “জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম সচল রাখতে হবে এবং দ্রুত জুলাই জাদুঘর খুলে দিতে হবে। তা না হলে আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যেতে পারে।”
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, চলতি অর্থবছরের শেষে বাজেট ঘাটতি আরও বাড়তে পারে। তার ভাষায়, “সব মিলিয়ে একটি বড় ঘাটতির বাজেট পাস হয়েছে। আমরা আগামী এক বছর এর বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে চাই।”
এ সময় সংসদে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে সমান সুযোগ-সুবিধা ও বৈষম্যহীন আচরণ নিশ্চিত করারও প্রস্তাব দেন এনসিপির এই সংসদ সদস্য।