চলমান ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ের মধ্যেই মাঠের বাইরে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং দেশটির বিচার বিভাগ এএফএর যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন-এর প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা এএফএর যুক্তরাষ্ট্রে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রম, স্পনসরশিপ চুক্তি এবং কয়েকশ মিলিয়ন ডলারের আর্থিক লেনদেন পর্যালোচনা করছেন। তদন্তের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছে TourProdEnter LLC নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত বিভিন্ন আর্থিক লেনদেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত এসব লেনদেনে অর্থপাচার, ব্যাংক জালিয়াতি বা অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না। এ বিষয়ে কয়েকজন সাক্ষীর বক্তব্যও নেওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত এএফএ বা এর কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ আনা হয়নি। তদন্ত চলমান থাকায় কর্তৃপক্ষও এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, মাঠের পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়েনি। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তবে মাঠের বাইরের এই তদন্ত আর্জেন্টাইন ফুটবল প্রশাসনের আর্থিক স্বচ্ছতা ও সুশাসন নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।