নিজস্ব প্রতিবেদক
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ১০ দফা জরুরি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ, আশ্রয়কেন্দ্র পরিচালনা, ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম জোরদার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা।
শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন তাঁর ফেসবুক পোস্টে ‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে এসব তথ্য প্রকাশ করেন।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে দুর্যোগকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংসদ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম বিভাগের দুর্যোগকবলিত এলাকায় ইতোমধ্যে ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ১২ হাজারেরও বেশি মানুষ নিরাপদে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জন্য ২ কোটি ১৫ লাখ টাকা নগদ সহায়তা এবং ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে দ্রুত দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশুখাদ্য এবং তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
মুখপাত্র আরও জানান, প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিতে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা প্লাবিত এলাকা পরিদর্শন করছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অবস্থান করছেন। একই সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনগুলোকে মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং কোস্টগার্ডও সমন্বিতভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
দুর্যোগ পরিস্থিতির কারণে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসপ্রবণ এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান মাহদী আমিন। এছাড়া হতাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন।
দীর্ঘমেয়াদি দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে পানির নিচে তলিয়ে যাওয়া চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কিলোমিটার রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পের দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারী মানুষের জন্য নিরাপদ স্থানে স্থায়ী আবাসনের ব্যবস্থাও করবে সরকার।
ফেসবুক পোস্টের শেষাংশে মাহদী আমিন বলেন, সরকারের দ্রুত সিদ্ধান্ত, মানবিক উদ্যোগ এবং সমন্বিত কার্যক্রমের মাধ্যমে খুব দ্রুতই এই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তারা আশাবাদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর দায়বদ্ধতা ও আন্তরিকতা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন এবং জনগণের সরকার সবসময় দুর্যোগে মানুষের সেবায় নিয়োজিত থাকবে।