এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তাদের সহায়তায় শুধু সরকারের ওপর নির্ভর না থেকে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে মানবিকভাবে এগিয়ে আসতে হবে।
রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় পশ্চিম রায়পুর এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, গত পাঁচ থেকে সাত দিন ধরে এলাকার কয়েকশ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, বেড়িবাঁধের দুর্বলতা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি আরও জটিল হয়েছে।
তিনি অভিযোগ করেন, অতীতে বেড়িবাঁধ নির্মাণের জন্য কয়েকশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে সেই অর্থের অপব্যবহার ও লুটপাট হয়েছে।
চলতি অর্থবছরেও এ খাতে বাজেট বরাদ্দ রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই অর্থের একটি টাকাও যেন দুর্নীতি বা অনিয়মের মাধ্যমে অপচয় না হয়, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকবেন। একই সঙ্গে বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হবে বলে জানান তিনি।
বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, পুরো দেশের মানুষ এখন চট্টগ্রামের মানুষের কষ্ট নিয়ে উদ্বিগ্ন। তিনি সবার প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিশেষ করে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী উদ্যোগে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।