কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ রেললাইন সংলগ্ন এলাকায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভৈরব–কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
রোববার (২৭ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, সংঘর্ষের কারণে চট্টগ্রাম অভিমুখী বিজয় এক্সপ্রেস কুলিয়ারচর স্টেশনে প্রায় তিন ঘণ্টা ধরে আটকে রয়েছে। ট্রেনটি এমনিতেই প্রায় ১০ ঘণ্টার বেশি বিলম্বে চলছিল। ফলে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।
অন্যদিকে কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনটি প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট ধরে ভৈরব বাজার জংশন স্টেশনে অবস্থান করছে। নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ রাখায় উভয় ট্রেনের যাত্রীরা দীর্ঘ সময় স্টেশনেই অপেক্ষা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপ্রসাদ এলাকায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জেরে রেললাইন সংলগ্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।