হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে হামলায় এক চোখের দৃষ্টিশক্তি হারানো আলিফ চৌধুরীকে দেখতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন আলিফ চৌধুরীর খোঁজখবর নেন তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে আলিফের শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ ফ্যাসিবাদ ও রাজনৈতিক সন্ত্রাসের পুনরাবৃত্তি দেখতে চায় না। জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, তা যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়।
হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় পুনরায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধী যে দলেরই হোক না কেন, আইনের দৃষ্টিতে সবার সমান বিচার হওয়া উচিত।
তিনি আরও বলেন, পরিবর্তিত বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা অত্যন্ত হতাশাজনক। ভুক্তভোগীদের মামলা দায়েরেও নানা প্রতিবন্ধকতার অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি সরকারের প্রতি আইনের শাসন প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমেই প্রমাণ করতে হবে যে দেশে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়।
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির নেতাকর্মীদের বহরে হামলার ঘটনা ঘটে। এতে জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী চোখে রডের আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তার বাম চোখের দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়নি।