স্টাফ রিপোর্টার:
নবগঠিত রুহিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আলাউদ্দিন। এর আগে তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম নবনিযুক্ত ইউএনও আলাউদ্দিনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর উপলক্ষে রুহিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, রুহিয়া উপজেলা প্রেসক্লাব এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নবগঠিত রুহিয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নবনিযুক্ত ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও আলাউদ্দিন উপস্থিত সবার শুভেচ্ছা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রুহিয়া উপজেলার উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনসেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।