এ উপলক্ষে আজ রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে ঘিরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর এক দিনের সফরে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ, হ্যাচারি পরিদর্শন, জাতীয় মৎস্য পক্ষ–২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধন এবং মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়ার কর্মসূচি রয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ সদর উপজেলায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান দেওয়ার কর্মসূচিও রয়েছে।
সফরসূচি অনুযায়ী, রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথাও রয়েছে।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। দুপুর ১টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ–২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক বা স্বর্ণপদক দেওয়া হবে।
এতদিন জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীকেন্দ্রিক থাকলেও এবারই প্রথম ঢাকার বাইরে কিশোরগঞ্জে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। ফলে এবারের আয়োজন বিশেষ গুরুত্ব পেয়েছে।
মৎস্য উৎপাদন, পোনা উৎপাদন ও হ্যাচারি ব্যবসায় বৃহত্তর ময়মনসিংহের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হাওর, নদ-নদী ও জলাশয়সমৃদ্ধ এ অঞ্চলে বাণিজ্যিক মাছ চাষের পাশাপাশি প্রাকৃতিক মৎস্যসম্পদেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, বৃহত্তর ময়মনসিংহের মৎস্য খাতের সাফল্য ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতেই এবার কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজন করা হয়েছে।
মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্দেশে রওনা হবেন। দুপুর আড়াইটার দিকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে একটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে তাঁর। সেখানে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।
পরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে সন্ধ্যার আগেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফর ও জাতীয় মৎস্য পক্ষ–২০২৬-এর সফলতা কামনা করে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক সফরটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।