নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব ড. গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. ইউনুস আলীকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি যতদিন পদটিতে দায়িত্ব পালন করবেন অথবা মো. ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।