চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোজাম্মেল উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে গত ২৪ জুলাই রাস্তা নিয়ে বিরোধের জেরে জয়নাল আবেদীনের পরিবারের লোকজন রাস্তার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বিষয়টি জানতে পেরে বিল্লাল হোসেনসহ তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবন্ধকতা সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় জয়নাল আবেদীনের ছেলে মোজাম্মেল হোসেন ধারালো অস্ত্র দিয়ে বিল্লাল হোসেনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে বিল্লাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ৪ আগস্ট মঙ্গলবার রাতে বিল্লাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে মোজাম্মেল হোসেনকে এজাহারনামীয় প্রধান আসামি করা হয়।
পরে মঙ্গলবার রাতে চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ও র্যাব-৭-এর যৌথ টিম। অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করা হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, “চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”