চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ১১ দলের ৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করার উদ্দেশ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, জামায়াত নেতা ইয়াছিন মজুমদার, জয়নাল আবেদীন পাটোয়ারী, মোশাররফ হোসেন ওপেল, ডা. মঞ্জুর আহমেদ সাকি, কামাল উদ্দিন মজুমদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চকে কেন্দ্র করে চৌদ্দগ্রামে ব্যাপক কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ জানান, লংমার্চকে কেন্দ্র করে চৌদ্দগ্রামে দুপুর ১২টায় একটি বৃহৎ পথসভা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ওই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও ১১ দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।
লংমার্চ ও পথসভাকে সফল করতে সমাবেশে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। জাতীয় নেতৃবৃন্দকে স্বাগত জানানো, কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ৬ দফা গণদাবির পক্ষে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে নেতৃবৃন্দ গুরুত্বারোপ করেন।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলার সর্বস্তরের জনগণকে আগামী ৫ সেপ্টেম্বরের কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে লংমার্চ ও পথসভা সফল করার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য ও গণদাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে চৌদ্দগ্রামের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।