আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘ সদর দপ্তরে একসময় ছোট ও সংকীর্ণ একটি কোণার কক্ষে আয়োজিত অনুষ্ঠান এবার বড় পরিসরে মূলধারায় স্থান পাওয়াকে নিজেদের ‘বিরাট পদোন্নতি’ হিসেবে উল্লেখ করেছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘে আয়োজিত ‘সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তি’ শীর্ষক সাইড ইভেন্টের ১১তম আসরে বক্তব্য দেওয়ার সময় এ নিয়ে রসিকতা করেন তিনি।
সাধারণ পরিষদের উদ্বোধনী দিনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্ট ও ড. ইউনূসের দীর্ঘদিনের বন্ধু জোসে রামোস-হোর্তা। ব্রাজিলের মন্ত্রী ওয়েলিংটন দিয়াসসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
অধ্যাপক ইউনূস বলেন, অতীতে সামাজিক ব্যবসা নিয়ে এ ধরনের আয়োজনের জন্য জাতিসংঘের একটি ছোট কোণার কক্ষে জায়গা মিলত। সেখানে উপস্থিত সবাইকে সংকীর্ণ জায়গায় বসতে হতো। এবার বড় পরিসরে আয়োজন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি পাওয়াকে তিনি ‘বিরাট পদোন্নতি’ হিসেবে উল্লেখ করেন।
রসিকতার সুরে তিনি বলেন, ভবিষ্যতে তারা আবার সেই কোণার কক্ষে ফিরে যাবেন কি না, তা সময়ই বলে দেবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান ড. ইউনূস। সাধারণ পরিষদের অধিবেশন শুরুর দিনে তাকে পুরো আয়োজনজুড়ে পাওয়া বিশেষ সৌভাগ্যের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান আন্তর্জাতিক কূটনীতির জটিল ভাষার বিপরীতে সাধারণ মানুষ যেন শান্তি ও ন্যায্যতার একটি স্পষ্ট বার্তা পায়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন অধ্যাপক ইউনূস।
বক্তব্যে ক্ষুদ্রঋণের ৫০ বছর পূর্তি এবং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার বিস্তার নিয়ে আলোচনা করেন ড. ইউনূস।
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে ‘গ্রামীণ আমেরিকা’র কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ৮ বিলিয়ন ডলারের বেশি ঋণ বিতরণ করেছে এবং প্রায় শতভাগ ঋণ পরিশোধের রেকর্ড রয়েছে।
বাংলাদেশে সামাজিক ব্যবসা কাঠামোর আওতায় গড়ে ওঠা ১৫৩টি স্বাস্থ্যকেন্দ্র, টেলিমেডিসিন নেটওয়ার্ক এবং স্বয়ংসম্পূর্ণ চক্ষু হাসপাতালের উদাহরণও তুলে ধরেন তিনি। এসব প্রতিষ্ঠানের মুনাফা পুনর্বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো স্বাবলম্বী হয়েছে বলে জানান ড. ইউনূস।
অনুষ্ঠানের শেষভাগে অধ্যাপক ইউনূস ঘোষণা দেন, প্রচলিত চাকরিপ্রত্যাশী তৈরির শিক্ষাব্যবস্থার বাইরে গিয়ে আগামী ডিসেম্বরে যাত্রা শুরু করবে ‘গ্রামীণ ইউনিভার্সিটি’।
তিনি জানান, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণের লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হচ্ছে। এখানে শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের পরিবর্তে উদ্যোক্তা হওয়ার সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হবে।
বিশ্বের প্রান্তিক মানুষের জীবনমান পরিবর্তনের এ উদ্যোগকে আরও এগিয়ে নিতে উপস্থিত বিশ্বনেতাদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।