বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও বাড়ানো, তরুণ উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি এবং তেল-গ্যাস সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি এবং দেশের জ্বালানি সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের বিদ্যমান অংশীদারত্ব ও সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। আগামী দিনে বাংলাদেশ যেসব প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে, সেগুলোতে বিশ্বব্যাংকের অংশীদারত্বের কাঠামোর মধ্যে কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া সামাজিক কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিশ্বব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে। এসব কর্মসূচিতে বিশ্বব্যাংকের সমর্থন থাকবে।
তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানের বিষয়ে আমির খসরু বলেন, সরকার যে কর্মসূচি চালু করেছে, তাতে ৫০ শতাংশ অনুদান ও ৫০ শতাংশ সহজ শর্তের ঋণের ব্যবস্থা রয়েছে। আগামী দিনে বিশ্বব্যাংকের সহযোগিতায় এ কর্মসূচি আরও বড় পরিসরে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করব।’
বাংলাদেশের তেল-গ্যাস সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে বিশ্বব্যাংক এগিয়ে আসতে আগ্রহী। একই সঙ্গে সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো যাতে সরবরাহ ব্যবস্থার সমস্যার কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও বিশ্বব্যাংকের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
টেকসই উন্নয়ন প্রকল্পের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক এসব প্রকল্প অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচিগুলো আরও বড় পরিসরে নেওয়ার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।