নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলেও এখনো পর্যন্ত নিয়োগবঞ্চিত ৮১৭ জন প্রার্থীর নিয়োগ সংক্রান্ত জটিলতা নিরসন করে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র হস্তান্তরের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন’ উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আয়োজিত এই নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লাখ ৬৯ হাজার। স্বচ্ছতা ও যথাযথ নিয়ম মেনে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে শুরু থেকেই কাজ চালানো হয়েছে। তবে পুলিশ ভেরিফিকেশন এবং ঠিকানা পরিবর্তনজনিত ত্রুটির কারণে একাংশ প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল।
তিনি জানান, পর্যায়ক্রমে প্রার্থীদের সঠিক ঠিকানা পর্যালোচনা ও ভেরিফিকেশনের কাজ চলছে। যাদের তথ্য যাচাই বাকি রয়েছে, সেগুলো বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তথ্য সংশোধনের এই পর্যালোচনা কার্যক্রম আগামী ১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।
ড. এহছানুল হক মিলন স্পষ্ট করে জানান, বর্তমানে চিহ্নিত ৮১৭ জন নিয়োগবঞ্চিত প্রার্থীকে আগামী ১ অক্টোবরের মধ্যেই নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ও ডিপিও (জেলা প্রাথমিক শিক্ষা অফিস) পর্যায়ে কাজ চলছে। নির্ধারিত এই তারিখের পরও যদি কোনো প্রার্থীর জটিলতা থেকে যায়, তবে তাদের বিষয়টি গুরুত্বের সাথে পরবর্তী ধাপে কাজ করে সমাধান করা হবে।