বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ গুরুত্বারোপ করেন।
আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে আইনমন্ত্রী ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেস আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা দেওয়ায় এবং দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদান রাখার সুযোগ সৃষ্টি করায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি ধন্যবাদ জানান তিনি।
জবাবে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি উষ্ণ আতিথেয়তা ও চমৎকার ব্যবস্থাপনার জন্যও সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান আইনমন্ত্রী।
সাক্ষাতে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।