সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জোর আহ্বান জানানো হয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ১০ অক্টোবর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এই নৃশংস হামলা চালানো হয়। এতে বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হামলায় প্রাণ হারানো এবং ক্ষতিগ্রস্তদের বিস্তারিত তথ্য সংগ্রহ ও তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত বাংলাদেশিসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি বাংলাদেশ গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, “বেসামরিক নাগরিকদের জীবন বিপন্নকারী এবং সাধারণ অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”
হামলার পর সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে সংঘাত বন্ধের পাশাপাশি সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।