নিজস্ব প্রতিবেদক:
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা স্থগিতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে দ্রুত নতুন পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানিয়েছে দলটি।
শনিবার (১০ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, “প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করতে হবে।”
ভবিষ্যতে যেকোনো নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে জামায়াত নেতা আরও বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মূল দায়িত্ব। চাকরিপ্রার্থীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নিয়ে তাঁদের ন্যায্য অধিকার রক্ষা এবং পুরো নিয়োগব্যবস্থার প্রতি জনআস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জামায়াতের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, নিয়োগ পরীক্ষায় অনিয়মের যেকোনো অভিযোগের যথাযথ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এতে চাকরিপ্রার্থীদের আস্থা ফিরবে এবং সরকারি নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকবে।