বিশেষ সংবাদদাতা:
৮২ জন আরোহী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ঘটনার পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটটির ‘নোজ ল্যান্ডিং গিয়ারে’ কারিগরি ত্রুটি দেখা দেয়। পরে শনিবার বেলা ৩টা ৯ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়। অবতরণের পরপরই মন্ত্রী জ্যেষ্ঠ বিমান চলাচল কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেন।
জানা গেছে, ড্যাশ-৮ মডেলের ওই উড়োজাহাজটি ৭৮ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে বেলা ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সূচি অনুযায়ী ঢাকায় বেলা ২টা ৩০ মিনিটে এর অবতরণ করার কথা ছিল। তবে ১৮ হাজার ফুট উঁচুতে থাকা অবস্থায় বেলা ২টা ২০ মিনিটে উড়োজাহাজটির ২ নম্বর হাইড্রোলিক ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে স্বাভাবিক পদ্ধতিতে সামনের ল্যান্ডিং গিয়ার নামানো সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং এরিয়া কন্ট্রোলকে বিষয়টি অবহিত করেন।
সংকেত পাওয়ার পর ঢাকা টাওয়ার জরুরি সাড়াদান কার্যক্রম শুরু করে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয় এবং বিমানবন্দরে নিরাপদ অবতরণের প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়।
পরবর্তীতে পাইলট বিকল্প পদ্ধতিতে উড়োজাহাজটির সামনের ল্যান্ডিং গিয়ার নামাতে সফল হন এবং বেলা ৩টা ৯ মিনিটে নিরাপদে এটি মাটিতে স্পর্শ করে। এতে ৭৮ জন যাত্রী ও ৪ জন ক্রু—সবাই সম্পূর্ণ অক্ষত ও নিরাপদে রয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা সমন্বিতভাবে জরুরি ব্যবস্থা গ্রহণ করেন।