জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলার সৃষ্টি হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিশেষ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: রইছ উদ্দিন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেন, সংগঠনের কার্যকরী সভাপতি মো: আলতাফ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো: জহিরুল ইসলাম শিকদার এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি ত্রিদীপ কুমার সাহা, খন্দকার আল-আশরাফ মামুন ও সাংগঠনিক সম্পাদক এ বি এম মহসিন বিশ্বাস।
সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলার আবহ তৈরি হয়। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণকারীদের জন্য চা ও দুপুরে আপ্যায়নেরও আয়োজন করা হয়, দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যা অনুষ্ঠানে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ভিন্নমাত্রা যোগ করে। সব মিলিয়ে অভিষেক অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করার এক মিলনমেলায় পরিণত হয়।