চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও সন্দেহভাজনসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সদরঘাট থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ডিসি (দক্ষিণ)-এর দিকনির্দেশনায়, এডিসি (দক্ষিণ) ও সহকারী কমিশনার (কোতোয়ালি)-এর তত্ত্বাবধানে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই শাহ আলমের নেতৃত্বে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর দায়ের করা সদরঘাট থানার একটি মামলার আসামি মো. রুবেল (৩৫) এবং এএসআই মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলাম ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ছাড়া এসআই মো. ফারুক আহমদের নেতৃত্বে মোবাইল-২৪ ডিউটি চলাকালে রাত ১২টা ১০ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে সদরঘাট থানাধীন শুভপুর, কদমতলী ও এসআরবি স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে মোহাম্মদ হোসেন টিটু (৩৩), বিজয় ধর (১৯), মো. ইমরান (৩৫), আব্দুর রহিম তানভীর (২১), মহিউদ্দিন বাদশা (৩০), মো. রনি (৩১) ও মো. খোকন হাওলাদারকে (৩৪) আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ওই এলাকায় অবস্থানের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় অপরাধের উপাদান পাওয়ায় ১০৩ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ৩৩০, তারিখ ৯ নভেম্বর ২০২৬ মূলে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সদরঘাট থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।