চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচার করা প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১৭০ ঘনফুট পাহাড়ি সেগুন কাঠসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সংলগ্ন বারেক বিল্ডিং এলাকায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযান চলাকালে সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ উদ্ধার করা হয়। এ সময় কাঠ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা কাঠ, দুটি ট্রাক ও আটক ব্যক্তিদের চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, বনজ সম্পদ ও পরিবেশ সুরক্ষা এবং কাঠ পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।