স্টাফ রিপোর্টার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর নেতৃত্বে পুনরায় নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান ও মাওলানা মো. ইব্রাহিম। রুকনদের গোপন ভোটে ২০২৭-২৮ সেশনের জন্য তারা নতুন করে দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে উপজেলা জামায়াতের সেক্রেটারি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. বেলাল হোসাইন।
শুক্রবার (২৭ নভেম্বর) চৌদ্দগ্রামের ডলি রিসোর্টে আয়োজিত জামায়াতের সেটআপ প্রোগ্রামে নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করা হয়। পরে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান তাদের শপথ পড়ান।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের নিয়ম অনুযায়ী এবারও চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের রুকনরা গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেন। নির্বাচনে ২০২৭-২৮ সেশনের জন্য মাহফুজুর রহমান উপজেলা জামায়াতের আমীর, মাওলানা মো. ইব্রাহিম পৌরসভা জামায়াতের আমীর এবং মো. বেলাল হোসাইন উপজেলা সেক্রেটারি নির্বাচিত হন। পরে সেটআপ প্রোগ্রামে জেলা নেতৃবৃন্দ তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং শপথ অনুষ্ঠিত হয়।
এদিকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করতে শুভপুর ইউনিয়ন জামায়াতকে উত্তর ও দক্ষিণ—দুটি শাখায় বিভক্ত করা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার শুরু থেকেই গোপন ভোটের মাধ্যমে আমীর, সেক্রেটারিসহ গুরুত্বপূর্ণ নেতৃত্ব নির্বাচন করে আসছে। এরই ধারাবাহিকতায় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের রুকনদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।