জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংসদে বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মন্তব্য করেন, অনেক ক্ষেত্রে বিরোধীদলীয় নেতৃত্বের কার্যকর ভূমিকা মন্ত্রীদের চেয়েও বেশি গুরুত্ব বহন করে।
রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ‘আমি সংসদ সদস্য নই, তবে বিরোধীদলীয় উপনেতা হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করি। সংসদে বিরোধীদলের পক্ষ থেকে নিয়মিতভাবে জনগণের কথা তুলে ধরার সুযোগ রয়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।’
তিনি বলেন, ‘নির্বাচনে আমাদের জোট উল্লেখযোগ্য ভোট পেয়েছে। জনগণের সমর্থন ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে জনগণের আরও আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমে জামায়াতে ইসলামী দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করুক এবং দেশের উন্নয়নে সফল হোক। সরকারের সফলতা জনগণের কল্যাণ বয়ে আনবে।’
চৌদ্দগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. তাহের বলেন, ‘কিশোর গ্যাং ও মাদক চৌদ্দগ্রামের অন্যতম বড় সমস্যা। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন এবং বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজুন। সমাজের শান্তি ও নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে।’
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।