জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। রোববার (৩১ মে) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, রাজনৈতিক নেতা মাহফুজ আলম এবং সাদিক কায়েমকে নিয়ে মন্তব্য করেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘যুগের জিন্নাহ নাহিদ ইসলাম, যুগের ইকবাল মাহফুজ আলম, যুগের মওদূদী সাদিক কায়েম। এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই তো হয়!’
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই পোস্টটির রাজনৈতিক তাৎপর্য নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। কেউ এটিকে রসাত্মক রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ অভ্যন্তরীণ মতপার্থক্য বা নেতৃত্বের প্রতিযোগিতা নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন।
তবে পোস্টে উল্লিখিত মন্তব্যের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও সাদিক কায়েম সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলমান রয়েছে।
পাটওয়ারীর সংক্ষিপ্ত এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়।