তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কটিয়াদী উপজেলার মসূয়া কাজিরচর এলাকার আড়িয়াল খাঁ নদীর তলদেশ দিয়ে নরসিংদী থেকে কিশোরগঞ্জে আসা ৮ ইঞ্চি ব্যাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র শনাক্ত হয়েছে। প্রায় দুই মাস আগে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টার সময় পাইপটি ক্ষতিগ্রস্ত হলেও সম্প্রতি বর্ষার পানিতে নদী ফুলে ওঠার পর গ্যাসের বুদবুদ দেখে বিষয়টি নজরে আসে।
কিশোরগঞ্জে তিতাস গ্যাসের ব্যবস্থাপক মোশারফ হোসেন জানান, গ্যাসের অপচয় বন্ধ এবং লাইনের ছিদ্র মেরামতের জন্য রোববার থেকে তিন দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই মেরামত কাজ শেষ করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
তিতাস গ্যাসের ডিজিএম সুমেধ মনি চাকমা বলেন, নদীতে পানি বেশি থাকায় এবং তলদেশে বালু জমে থাকায় মেরামত কাজে জটিলতা তৈরি হয়েছে। পানি সেচে সরানোর চেষ্টা করা হলেও বালুর ফাঁক দিয়ে আবার পানি ঢুকে পড়ছে, ফলে কাজ ধীরগতিতে এগোচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, একটি চুন তৈরির কারখানার জন্য রাতের আঁধারে মূল সঞ্চালন লাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এলাকাবাসী বিষয়টি টের পেলে সংশ্লিষ্টরা কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যায়। এরপর থেকেই পাইপের ক্ষতস্থান দিয়ে গ্যাস বের হতে থাকে।
এ ঘটনায় অভিযুক্ত চুন কারখানার মালিক ও সংশ্লিষ্টরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। উপজেলা প্রশাসন ইতোমধ্যে কারখানাটিতে অভিযান চালিয়ে তিনটি চুল্লি ভেঙে দিয়েছে এবং মজুত চুনাপাথর জব্দ করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জেলার বাসিন্দারা রান্নার জন্য এলপিজি, বৈদ্যুতিক চুলা ও কাঠের চুলার ওপর নির্ভর করছেন। অনেক পরিবার বাইরে থেকে খাবার কিনে আনতে বাধ্য হচ্ছে।
নারী উদ্যোক্তা তানিয়া নাজ শম্পা বলেন, গ্যাস না থাকায় হোম সার্ভিসের অর্ডার বাতিল করতে হয়েছে। একই সঙ্গে নিজের পরিবারের জন্যও বাইরে থেকে খাবার সংগ্রহ করতে হচ্ছে।
হোটেল ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। হোটেল মালিক শহীদুল ইসলাম বলেন, গ্যাস না থাকায় বিকল্প ব্যবস্থায় রান্না করতে হচ্ছে। কিন্তু অতিরিক্ত গ্রাহকের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে কনফেকশনারি মালিক আবুল বাশার রাজিব জানান, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তাদের উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে ব্যবসায় বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এহতেশামুল হুদা মুনাব্বী দ্রুত মেরামত কাজ শেষ করে গ্যাস সরবরাহ পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দুর্ভোগ কমে।
গ্যাস সংকটের এই পরিস্থিতিতে দ্রুত মেরামত কাজ শেষ করে সরবরাহ স্বাভাবিক করার অপেক্ষায় রয়েছেন কিশোরগঞ্জের হাজারো গ্রাহক।