স্টাফ রিপোর্টার
কুমিল্লার চৌদ্দগ্রামে আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নতমানের খাবার পরিবেশনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’। নতুন এ প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে প্রায় ২০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনের পশ্চিম পাশে নবনির্মিত হোটেলটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি। এ উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কুমিল্লা আলিয়া মাদরাসার সাবেক হেড মুহাদ্দিস মাওলানা মো. আবদুর রাজ্জাক।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. তাহের বলেন, ‘এটি একটি ব্যবসাপ্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। তথাপিও প্রতিষ্ঠানটিকে নিয়ে একটি মহল রাজনীতি করার অপচেষ্টা করেছে বলে শুনেছি। বিষয়টি দুঃখজনক।’
তিনি বলেন, একটি নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠার অর্থ হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া। এ প্রতিষ্ঠানটির মাধ্যমে স্থানীয় অন্তত ২০০ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই কোনো প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিরোধের বিষয় না বানিয়ে মানুষের কল্যাণের দৃষ্টিতে দেখা উচিত।
রাজনীতি প্রসঙ্গে ডা. তাহের বলেন, ‘এমপি হবো, চেয়ারম্যান হবো, মাস্তানি করবো—এগুলো রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে সবচেয়ে অভিজাত একটি কাজ। রাজনীতিবিদদের ভাষা হতে হবে সুন্দর ও মার্জিত। তাদের আচরণ ও বক্তব্য মানুষের জন্য শিক্ষণীয় হতে হবে। রাজনীতি আর মাস্তানি একসঙ্গে চলে না।’
তিনি বলেন, যে দলই করা হোক না কেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। সবাইকে সম্মিলিতভাবে কাজ করে চৌদ্দগ্রামকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
হোটেলটির উদ্বোধনী আয়োজনের প্রশংসা করে ডা. তাহের বলেন, অনুষ্ঠানে বিপুলসংখ্যক আলেম-ওলামার উপস্থিতি তাকে আনন্দিত করেছে। তার বাবা একজন আলেম ছিলেন উল্লেখ করে তিনি বলেন, জন্মগতভাবেই ওলামায়ে কেরামদের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। অনুষ্ঠানে আলেম-ওলামাদের উপস্থিতি নিশ্চিত করায় হোটেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
প্রতিষ্ঠানটির রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কোনো দলের প্রতিষ্ঠান নয়। আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, জামায়াতে ইসলামীরও নয়। এটি এলাকার সব মানুষের প্রতিষ্ঠান। মানুষ এখানে অর্থের বিনিময়ে সেবা গ্রহণ করবে। তাই এটি একটি সার্বজনীন প্রতিষ্ঠান।’
তিনি আরও বলেন, ব্যবসার পাশাপাশি সেবার মানসিকতাও থাকতে হবে। কোনো প্রতিষ্ঠান বা উদ্যোগ যাতে এলাকার মানুষের ক্ষতির কারণ না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল থাকতে হবে। এ সময় তিনি ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ভোজনরসিকদের জন্য পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে রুচিশীল, সুস্বাদু ও টাটকা খাবার পরিবেশনের ব্যবস্থা রাখা হয়েছে। অগ্রিম অর্ডারের মাধ্যমে বিভিন্ন স্থানে উন্নতমানের খাবার সরবরাহের সুবিধাও রয়েছে। পাশাপাশি আধুনিক ব্যবস্থাপনায় কমিউনিটি সেন্টার ও বিভিন্ন সামাজিক, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য হলরুম বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মনোরম পরিবেশে হোটেলটির অবস্থান হওয়ায় স্থানীয়দের পাশাপাশি মহাসড়ক দিয়ে চলাচলকারী দূর-দূরান্তের যাত্রী ও ভোজনরসিকদেরও আকৃষ্ট করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোছাইন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের আমীর মুহা. মাহফুজুর রহমান, সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, হোটেলটির সত্ত্বাধিকারী মো. আলী আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলী আজ্জম, মো. হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুনুর রশিদ, মাওলানা আবদুল মতিন, মাওলানা খাজা আহমেদ, টিআই মোহাম্মদ ফারুক, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারসহ স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।