• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

বাংলাদেশ-জাপান কৌশলগত সহযোগিতায় নতুন দিগন্ত

একুশে সংবাদ ডেস্ক / ৭২ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ উদ্যোগে শিল্পায়ন, গভীর সমুদ্রবন্দর ও বিনিয়োগে জোর

পাঁচ বছরে জাপানি বেসরকারি বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েনে পৌঁছানোর সম্ভাবনা • প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা • মাতারবাড়ী হবে শিল্প ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

শিল্পায়ন ত্বরান্বিত করা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশের ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিগ-বি) উদ্যোগকে সম্প্রসারণ করে ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ বা অভিন্ন সমৃদ্ধির কৌশলগত সহযোগিতা কাঠামোয় রূপ দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ও জাপান। নতুন এ উদ্যোগের আওতায় বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল, পরিবহন ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশকে শিল্পের মূল্যশৃঙ্খলের গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের কৌশলগত প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সরকারি জাপান সফরের দ্বিতীয় দিনে টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে এসব বিষয়ে ঐকমত্য হয়। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতি, সরবরাহব্যবস্থার চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় দুই দেশ বিগ-বি উদ্যোগের পরিধি বাড়াতে একমত হয়েছে।

নতুন কাঠামোয় চারটি অগ্রাধিকার নির্ধারণ করেছেন দুই প্রধানমন্ত্রী। এগুলো হলো যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নীতিনির্ধারণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা সম্প্রসারণ। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পনাটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের শিল্পায়ন, রপ্তানি সক্ষমতা ও আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

মাতারবাড়ীকে ঘিরে শিল্প ও বাণিজ্যকেন্দ্র গড়ার পরিকল্পনা

সম্প্রসারিত বিগ-বি উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে মাতারবাড়ী-মহেশখালী অঞ্চলকে সমন্বিত পণ্য পরিবহন, জ্বালানি ও শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলা। এ জন্য গভীর সমুদ্রবন্দরের সঙ্গে শিল্পাঞ্চল, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো এবং আধুনিক পরিবহন নেটওয়ার্কের সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

যৌথ বিবৃতিতে দুই নেতা বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের প্রবেশদ্বার হিসেবে অবস্থান শক্তিশালী করতে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁদের মতে, বন্দর, শিল্পাঞ্চল ও পরিবহনব্যবস্থার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে পণ্য পরিবহনের দক্ষতা বাড়বে, সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন দুই নেতা। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আঞ্চলিক উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্কে দেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও মেট্রোরেল নির্মাণে গুরুত্ব

বিগ-বির সম্প্রসারিত কাঠামোয় বাংলাদেশের আকাশপথ ও নগর পরিবহন অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছেন দুই প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক যোগাযোগ, পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আধুনিক বিমানবন্দরের ভূমিকা বিবেচনায় এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি ঢাকায় গণপরিবহনব্যবস্থার উন্নয়নে গণপরিবহনের জন্য পৃথক দ্রুতগতির রেলব্যবস্থা বা মেট্রোরেলের বিভিন্ন লাইন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া এবং পরিবহন অবকাঠামোয় আরও সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেছেন তাঁরা।

দুই নেতা মনে করেন, উন্নত যোগাযোগব্যবস্থা বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরকে ত্বরান্বিত করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বাজারের সঙ্গে দেশের সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর বিষয়টি শীর্ষ বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানের বেসরকারি বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েনে পৌঁছানোর সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ বিনিয়োগের মাধ্যমে প্রায় দুই লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকৃষ্ট করা এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উদ্যোগের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। সফরকে কেন্দ্র করে ঘোষিত বিনিয়োগ উদ্যোগগুলোকেও স্বাগত জানিয়েছেন দুই নেতা।

উৎপাদনশিল্প, খাদ্য ও কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ওষুধশিল্পকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব খাতে সহযোগিতা বাড়লে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, রপ্তানি সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগ আকৃষ্ট করতে স্বচ্ছতা, পূর্বানুমানযোগ্যতা ও ব্যবসাবান্ধব বিধিবিধান নিশ্চিত করার বিষয়ে তাঁর সরকারের অঙ্গীকার তুলে ধরেন। করব্যবস্থা, শুল্কছাড়, অর্থ প্রেরণ এবং লাইসেন্স প্রদানের প্রক্রিয়া সহজ করে বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

ব্যবসাবান্ধব পরিবেশ ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে সহযোগিতা স্মারক স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন দুই নেতা।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলা এবং জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তিগুলোকেও তাঁরা ইতিবাচকভাবে দেখেছেন। এ ছাড়া জাপান-বাংলাদেশ যৌথ সরকারি-বেসরকারি অংশীদারত্ব প্ল্যাটফর্ম এবং বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে।

সহযোগিতার গতি ধরে রাখতে জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরে পাঠানো এবং দুই দেশের মধ্যে আরও অর্থনৈতিক সংলাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন দুই প্রধানমন্ত্রী।

বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন কৌশলগত মাত্রা

বিগ-বি উদ্যোগকে ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ কাঠামোয় রূপ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক নতুন কৌশলগত মাত্রা পেয়েছে। এর মূল লক্ষ্য শুধু পৃথক অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন নয়; বরং শিল্পায়ন, জ্বালানি নিরাপত্তা, বন্দর উন্নয়ন, ডিজিটাল রূপান্তর ও আঞ্চলিক যোগাযোগকে একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার আওতায় নিয়ে আসা।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, বিমান যোগাযোগ এবং নগর পরিবহন উন্নয়নের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়ানো গেলে বাংলাদেশের উৎপাদন ও রপ্তানিমুখী অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এ উদ্যোগের বাস্তব সুফল নির্ভর করবে প্রকল্পগুলোর সময়মতো বাস্তবায়ন, বিনিয়োগের কার্যকর ব্যবহার, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং ব্যবসায়িক পরিবেশের ধারাবাহিক উন্নয়নের ওপর।

দুই প্রধানমন্ত্রী তাঁদের জনগণের জন্য বাস্তব অর্থনৈতিক সুফল নিশ্চিত করতে যৌথ অঙ্গীকার বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। সফরে আতিথেয়তার জন্য জাপানের প্রধানমন্ত্রী ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য জাপানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category