ফ্রান্সের Cannes Film Festival-এর শর্ট ফিল্ম বিভাগ ‘সিনেমা দ্য দোমাঁ’-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র Nuri। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক পরিবেশক, উৎসব প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিদের সামনে প্রদর্শনের সুযোগ পাচ্ছে সিনেমাটি।
১৬ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন Mithun Zaman। প্রযোজনা করেছেন Hasib Zuberi Shihan। উৎসবে অংশ নিতে বর্তমানে তারা দুজনই ফ্রান্সের কানে অবস্থান করছেন।
প্রযোজক শিহান জানান, শর্ট ফিল্ম কর্নার বা এসএফসি এমন একটি পেশাদার প্ল্যাটফর্ম, যেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতারা বিশ্বব্যাপী পরিবেশক, উৎসব প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পান। তরুণ নির্মাতাদের জন্য এটি আন্তর্জাতিক চলচ্চিত্রবাজারে নিজেদের কাজ তুলে ধরার গুরুত্বপূর্ণ একটি মঞ্চ বলেও উল্লেখ করেন তিনি।
কক্সবাজার সমুদ্র সৈকতকে পটভূমি করে নির্মিত ‘নুড়ি’তে উঠে এসেছে ১১ বছর বয়সী এক কিশোরীর গল্প। একটি সদ্যজাত ঘোড়ার বাচ্চার সঙ্গে অপ্রত্যাশিত সম্পর্কের মধ্য দিয়ে সে সাহস ও বেঁচে থাকার নতুন আশা খুঁজে পায়। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন কক্সবাজারের এক স্থানীয় কিশোরী।
নির্মাতা মিথুন জামান বলেন, একটি কিশোরীর অন্তর্জগতকে কেন্দ্র করে নির্মিত এ চলচ্চিত্রে দেখানোর চেষ্টা করা হয়েছে কীভাবে বৈশ্বিক বাস্তবতা মানুষের ব্যক্তিগত আবেগ ও জীবনে প্রভাব ফেলে। তার ভাষায়, অস্থিরতা ও বিচ্ছিন্নতার এই সময়ে ‘নুড়ি’ মনে করিয়ে দেয়—সহনশীলতা অনেক সময় ছোট ছোট মানবিক আচরণের মধ্যেই টিকে থাকে এবং আশা বেঁচে থাকে সবচেয়ে ভঙ্গুর সম্পর্কেও।
চলচ্চিত্রটির সহ-প্রযোজক হিসেবে ছিলেন Bashar Georgis ও Himesh Kar। চিত্রগ্রহণ করেছেন Mohammad Arifuzzaman। শব্দ পরিকল্পনায় ছিলেন Shaib Talukdar ও Jawad Parvez। সংগীত পরিচালনা করেছেন Amzad Hossain। সম্পাদনা করেছেন Samir Ahmed ও শিহান জুবেরি।