• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Headline
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানের চুক্তি অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন : স্টারমারের ইরান যুদ্ধ নিয়ে রোববারই চুক্তির ঘোষণা আসতে পারে: পররাষ্ট্রমন্ত্রী রুবিও আসন্ন যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষনা আগামী মাসে বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি তুষি নায়িকা থেকে গায়িকা ‘মালিক’ আসছে ঈদে  আগামী অর্থ বছরে ৪০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  তথ্যভিত্তিক কৃষিখাতে বিনিয়োগ পরিকল্পনা জোরদারে এফএও ও সরকারের উদ্যোগ মাইআপ বাংলাদেশ ও শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত : বিসিসিসিআই আগামীকাল ঈদুল আযহার ছুটি শুরু

 ডিজিটাল মাধ্যমেও ব্যাপক প্রস্তুতি : বিটিভি থেকে স্যাটেলাইট

বিনোদন ডেস্ক : / ৮ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

 

ঈদুল আজহা উপলক্ষে ছোটপর্দার দর্শকদের জন্য সেজে উঠছে বিনোদনের এক বিশাল আয়োজন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি থেকে শুরু করে শীর্ষস্থানীয় স্যাটেলাইট চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম ও ইউটিউবÑ সবখানেই এখন ঈদের নাটকের তুমুল ব্যস্ততা। উৎসবের এই আমেজে দর্শকপ্রিয় তারকা, প্রবীণ অভিনয়শিল্পী এবং দেশের নামি প্রযোজনা প্রতিষ্ঠানগুলো উপহার দিতে যাচ্ছে বৈচিত্র্যময় সব কনটেন্ট। এবারের ঈদের নাট্য আয়োজনে একদিকে যেমন থাকছে গুণী নির্মাতাদের সাহিত্যনির্ভর ও মননশীল কাজ, অন্যদিকে থাকছে তরুণদের সমসাময়িক রোমান্টিক, কমেডি ও পারিবারিক ঘরানার বৈচিত্র্যময় গল্প।

দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অনিয়মিত থাকলেও বিশেষ দিবসগুলোতে বরাবরের মতোই দর্শকদের চমক দিতে প্রস্তুত জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। গড়পড়তা গল্পের বাইরে গিয়ে অভিনয়ের সুযোগ আছে, এমন ভিন্নধর্মী চরিত্রের সন্ধানে থাকা এই অভিনেত্রী এবার ঈদে আসছেন একাধিক চমক নিয়ে। এর মধ্যে অন্যতম নন্দিত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত একক নাটক ‘ভালোবেসেছিলাম’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গুণী নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত। এতে পেয়ার উদ্দিন নামের একজন ইঞ্জিনিয়ার ও চুমকি নামের একজন আর্কিটেক্টের বন্ধুত্বের গল্প উঠে আসবে, যেখানে দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও জাকিয়া বারী মম। নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর এবং স্বয়ং আবুল হায়াতও এতে পর্দায় হাজির হবেন। এই কাজটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত মম জানান, আবুল হায়াতের মতো গুণী মানুষের নির্দেশনায় রাবেয়া খাতুনের গল্পে কাজ করাটা তার জন্য একাধারে সৌভাগ্যের এবং দারুণ শিক্ষার। নাটকটি ঈদুল আজহার দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে। এই একক নাটকটি ছাড়াও মমকে দেখা যাবে অরণ্য আনোয়ারের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘দিল মোহাব্বত’-এ। আরফান আহমেদের বিপরীতে এই রোমান্টিক-কমেডি নাটকটি দেখা যাবে বৈশাখী টিভিতে।

ঈদ নাটকে এবার বেশ এগিয়ে আছেন তরুণ প্রজন্মের ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। উৎসবের আগের রাত পর্যন্ত শুটিংয়ের ব্যস্ততায় থাকা হিমির নাটকের সংখ্যা প্রায় ৩০-এর কাছাকাছি হতে পারে। তবে এবার কেবল সংখ্যায় না ভেসে গল্পের বাছবিচারে বেশি মনোযোগী ছিলেন তিনি। এর মধ্যে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে একটি আবেগঘন নাটক যেমন রয়েছে, তেমনি সবচেয়ে বেশি আলোচনায় থাকছে তার ‘রুপার সংসার’ নাটকটি। প্রচলিত রোমান্টিক বা কমেডি ঘরানার বাইরে গিয়ে নারীদের জীবনের সংগ্রাম ও বেঁচে থাকার গল্প নিয়ে নির্মিত এ নাটকে হিমি একাই তিনটি ভিন্ন বয়সে, তরুণী, মধ্যবয়স্ক ও বৃদ্ধা চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটিকে নিখুঁত করতে প্রতিদিন চার ঘণ্টা করে কঠিন মেকআপ নিতে হয়েছে তাকে।

অন্যদিকে ঈদের ছোটপর্দায় সরব উপস্থিতি থাকছে অভিনেত্রী দীপা খন্দকারেরও। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবের জন্য এবার তিনি অভিনয় করেছেন আরিফ খানের ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প-২’ এবং চয়নিকা চৌধুরীর ‘আবার হবে দেখা’র মতো বেশ কিছু আলোচিত নাটকে।

এদিকে প্রতিবছরের মতো এবারও ঈদে একঝাঁক বিশেষ ধারাবাহিক নাটক নিয়ে হাজির হচ্ছে বৈশাখী টিভি। ঈদুল আজহার সাত দিনব্যাপী আয়োজনে চ্যানেলটিতে প্রতি সন্ধ্যায় প্রচারিত হবে সাতটি বিশেষ ধারাবাহিক। এর মধ্যে রয়েছে আশরাফুল চঞ্চলের রচনা ও সাইফ আহম্মেদের পরিচালনায় মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও সামিয়া আক্তার অভিনীত ‘ভাত হাসান’; মহিন খানের রচনা ও পরিচালনায় রাশেদ সীমান্ত ও নাবিলা ইসলামের ‘মোগো বাড়ি বরিশাল’; তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় জেবা জান্নাত ও সবুজ আহমেদের ‘কফিলের মেয়ে’; পাপ্পু রাজের রচনা ও আদিত্য জনের পরিচালনায় মীর সাব্বির ও ময়মুনা মমর ‘সাক্ষী মফিজ’; মাতিয়া বানু শুকুর রচনা ও মো. রবিউল সিকদারের পরিচালনায় শিবলী নোমান ও পূর্ণিমা বৃষ্টির ‘ঝগড়াটে পরিবার’; সকাল আহমেদের পরিচালনায় জাকিয়া বারী মমর ‘দিল মোহাব্বত’ এবং টিপু আলম মিলনের গল্প ও আকাশ রঞ্জনের পরিচালনায় ‘অবশেষে জিরো’, যাতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম বাসার, আইরিন তানি ও শাকিলা পারভিনসহ আরও অনেকে।

মধ্যবিত্ত জীবনের টানাপড়েন, স্বপ্ন ও বাস্তবতার গল্প নিয়ে জনপ্রিয় নির্মাতা রেজানুর রহমান নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘এক ভাগ কোরবানি’। শাহাদাৎ হোসেন, নাজনীন হাসান চুমকি ও শিশুশিল্পী তানায আজিম অভিনীত এই নাটকটি ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

ঈদ উপলক্ষে দর্শকদের বিনোদনের মাত্রা দ্বিগুণ করতে সাত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে আরেক জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন। ঈদের আনন্দকে আরও রঙিন ও উপভোগ্য করে তুলতে চ্যানেলটি এবার দর্শকদের উপহার দিচ্ছে ১৪টি টেলিফিল্ম, ২১টি বিশেষ একক নাটক এবং তিনটি ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক। সমসাময়িক তারকা ও ভিন্নধর্মী গল্পের মিশেলে বাংলাভিশনের এই বিশাল আয়োজন দর্শকদের জন্য এক অনন্য বিনোদনের অভিজ্ঞতা তৈরি করবে।

বাংলাদেশ টেলিভিশনেও থাকছে ঈদের বিশেষ আকর্ষণ। ঈদের দিন রাত ৯টায় বিটিভির পর্দায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘টিকটক বউ’। শফিকুর রহমান শান্তনুর রচনা ও আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় এই নাটকে অভিনয় করেছেন সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চল, শ্যামল হাসান, কবির টুটুল, আরজুমান আরা বকুল, হুমায়ুন ফরিদ, সাবিহা জামান, বিমল ব্যানার্জি, সাবরিনা শফী নিসা ও আনোয়ার শাহী। বর্তমান প্রজন্মের সোশ্যাল মিডিয়ানির্ভর সম্পর্ক, বিয়ের আলাপচারিতায় ফেসবুক ভেরিফিকেশন বা মনিটাইজেশনের মতো আধুনিক মনস্তত্ত্ব এবং পারিবারিক জীবনের নানা দিক নির্মল হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে।

টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলগুলোর প্রস্তুতিও এবার বেশ জমজমাট। দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ এবার ২১টি নাটকের বিশাল বহর নিয়ে হাজির হচ্ছে। বাহাদুর কাজী, মেহেদী রনি, আদিফ হাসান, শিমুল শর্মা ও বি ইউ শুভর মতো নির্মাতাদের পরিচালনায় এসব নাটকে দেখা যাবে মোশাররফ করিম, নিলয় আলমগীর, মুশফিক আর ফারহান, সাফা কবির, কেয়া পায়েল ও সাদিয়া আয়মানের মতো কয়েক প্রজন্মের একঝাঁক তারকাকে।

আরেক অন্যতম প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এবার আনছে ১৩টি নাটক। প্রেমের পাশাপাশি এবার তারা পারিবারিক গল্পকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার শাহেদ আলী পাপ্পু। জাকারিয়া সৌখিন, রাফাত মজুমদার রিংকু ও রুবেল হাসানের পরিচালনায় সিএমভির নাটকগুলোতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, জোভান, তানজিন তিশা, তটিনী ও নাজনীন নীহার মতো প্রথম সারির তারকারা।

সিডি চয়েস এবার দর্শকদের জন্য ১০ থেকে ১২টি কমেডি, রোমান্টিক ও পারিবারিক নাটক উপহার দিচ্ছে, যার বিস্তারিত তথ্য ধাপে ধাপে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। সুলতান এন্টারটেইনমেন্ট ও জাগো এন্টারটেইনমেন্টও পিছিয়ে নেই; বিশেষ আয়োজন হিসেবে জাগো এন্টারটেইনমেন্টের পর্দায় আসবে বিশেষ নাটক ‘রংবাজ’।

সুলতান এন্টারটেইনমেন্টের কর্ণধার তানভীর মাহমুদ অপু জানান, ‘ঈদের আনন্দ দ্বিগুণ করতে আমরা এবার গল্প ও শিল্পী নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। পারিবারিক আবেগ ও রোমান্সের মিশেলে নির্মিত আমাদের নাটকগুলো দর্শকদের মন ছুঁয়ে যাবে।’ বিশেষ চমক মাহমুদ মাহিনের ‘দি ফ্যামেলি’। অভিনয় করেছেন ইয়াশ রোহান, ইরফান সাজ্জাদ, স্পর্শিয়া, আয়েশা খান এবং মহিদুল মহিমের ‘প্রিয় পরিবার’ নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান, মনিরা মিঠু। এছাড়া মজুমদার শিমুলের ‘সুখের গল্প’ নাটকে জুটি বেঁধেছেন জোভান ও কেয়া পায়েল এবং মোহাম্মদ মিফতা আনানের ‘বুকের ভিতর আগুন’ নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।

ডিজিটাল মাধ্যমের অন্যতম জনপ্রিয় ও আলোচিত ব্যানার ‘সিনেমাওয়ালা’ এবার তিনটি একক নাটক ও একটি সাত পর্বের সিরিজ নিয়ে আসছে। গত বছরের সাড়া জাগানো নাটক ‘তোমাদের গল্প’-এর সিক্যুয়েল ‘তোমাদের গল্প-২’ এবারও নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, যেখানে অভিনয়ে আছেন জোভান, তটিনী, ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। একই নির্মাতা-লেখকের আরেকটি সাড়া জাগানো কাজ ‘দ্য অভিযান’-এ দেখা যাবে খায়রুল বাসার, অ্যালেন শুভ্র ও সুনেরাহ বিনতে কামালকে। এছাড়া খায়রুল বাসার ও কেয়া পায়েলকে নিয়ে সাজ্জাদ হোসাইন বাপ্পী নির্মাণ করেছেন ‘নোটবুক’ এবং কে এম সোহাগ রানার পরিচালনায় সিনেমাওয়ালার তুমুল জনপ্রিয় সিরিজ ‘দেনা পাওনা’র ঈদ স্পেশাল অধ্যায়ে থাকছেন শহীদুজ্জামান সেলিম ও অ্যালেন শুভ্র।

‘ক্যাপিটাল ড্রামা’ এবার তিনটি বড় বাজেটের নাটক নিয়ে আসছে। হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল জানান, তানিম রহমান অংশুর পরিচালনায় অপূর্ব ও নীহার ‘অচেনা আমি’, জাকারিয়া সৌখিনের পরিচালনায় জোভান ও তটিনীর ‘কাজল চোখের মেয়ে’ এবং রুবেল হাসানের পরিচালনায় একই জুটির ‘তোর মায়ায়’ নাটক তিনটি এবারের ঈদে দর্শকদের ভিন্নধর্মী বিনোদন জোগাবে। সব মিলিয়ে এবারের ঈদুল আজহার নাটক তারকার মেলবন্ধনে দারুণ জমজমাট হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা