আসামে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। পরিস্থিতিতে গভীরভাবে মর্মাহত হয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যাকবলিত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং চলমান ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য অনুসারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
আলিয়া বলেন, প্রতি বছরই আসামে বন্যা হয়, তবুও এই দুর্যোগের ভয়াবহতা আমাদের যেন বারবার অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে তার অনুসারীদেরও এগিয়ে আসার অনুরোধ করেন।
স্টোরিতে শেয়ার করা এক বার্তায় আলিয়া লেখেন, ‘এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর একটি হলো আসাম, যেখানে মানুষ অত্যন্ত কঠিন সময় পার করছে।’
তিনি আরও লেখেন, ‘এ পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। অসংখ্য পরিবার তাদের বাড়িঘর, জমিজমা, গবাদিপশু হারিয়েছে। এমনকি কেউ কেউ তাদের প্রিয়জনদেরও হারিয়েছেন। প্রতি বছরই এমন বন্যা হয়, তবুও আমরা যেন এর জন্য প্রস্তুত থাকতে পারি না।’
আলিয়া বলেন, ‘এই মুহূর্তে আসামের জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্যও তাদের পাশে থাকা জরুরি। আপনারা যদি ভাবছেন কীভাবে সাহায্য করতে পারেন, তাহলে আগামী কয়েক দিনে আমি এমন কিছু উপায় শেয়ার করব, যার মাধ্যমে মাঠপর্যায়ে কাজ করা বিভিন্ন সংস্থার মাধ্যমে ত্রাণ কার্যক্রমে সহায়তা করা যাবে।’
বার্তার শেষে তিনি ‘#CircleOfHope’ হ্যাশট্যাগ ব্যবহার করে সবাইকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।