দীর্ঘ ১৮ মাসের কঠিন লড়াই শেষে আবারও জিমে ফিরেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। গুরুতর চোটের কারণে দীর্ঘদিন শরীরচর্চা থেকে দূরে থাকতে হলেও সেই সময়টি তাকে জীবনের নতুন শিক্ষা দিয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে রাকুল জানান, জীবনের এমন কিছু অধ্যায় থাকে, যা আগে থেকে কল্পনাও করা যায় না। তার জীবনে সেই অধ্যায় এসেছিল একটি গুরুতর চোটের মাধ্যমে। চোটের পর প্রতিটি দিনই ছিল নতুন অভিজ্ঞতায় ভরা। কখনো যন্ত্রণা জয় করার চেষ্টা, আবার কখনো পরিস্থিতির কাছে থেমে যাওয়ার বাস্তবতা মেনে নিতে হয়েছে তাকে।
তিনি বলেন, ধীরে ধীরে সুস্থ হওয়ার পথেই নিজেকে মানিয়ে নিয়েছেন। আগে যেখানে বেশি ওজন তোলাই ছিল লক্ষ্য, সেখানে চোটের পর সুস্থ হয়ে ওঠাই হয়ে ওঠে সবচেয়ে বড় অগ্রাধিকার।
প্রায় দেড় বছর পর আবার জিমে ফিরতে পেরে আবেগ প্রকাশ করে রাকুল লিখেছেন, “আজ আবার জিমে ফিরে আসা যেন দীর্ঘ সফরের পর নিজের বাড়িতে ফেরার মতো। তবে আমি আগের সেই মানুষ হয়ে ফিরিনি, বরং নতুন এক রাকুল হয়ে ফিরেছি।”
তার ভাষায়, এই দীর্ঘ পুনর্বাসন শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও তাকে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলেছে।
বর্তমানে রাকুল প্রীত সিং পরিচালক নিতেশ তিওয়ারির বহুল আলোচিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন