নিজস্ব প্রতিবেদক | ঢাকা
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
শপথগ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সম্পন্ন করার লক্ষ্যে গঠিত কমিটিগুলো হলো—সমন্বয় কমিটি, ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি, অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি, আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি এবং অভ্যর্থনা কমিটি।
সমন্বয় কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীকে।
এ ছাড়া প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেল, সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান, কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে বিভিন্ন কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কমিটিগুলোতে কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করা যাবে। চিঠি পাওয়ার পরপরই কমিটিগুলোকে সভা আহ্বান করে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
এ ছাড়া কমিটিগুলোর কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করতে বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তাঁর কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে নির্দেশনাও নিতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি হিসেবে এসব কমিটি কাজ করবে।