নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশটিতে দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ লক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ‘বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার’ গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের একটি যৌথ প্ল্যাটফর্ম গড়ে উঠলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের প্রসার এবং ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার (১০ আগস্ট) সিঙ্গাপুরে বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী ও প্রবাসী শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিঙ্গাপুরের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব সিঙ্গাপুর আয়োজিত এ মতবিনিময় সভায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও প্রবাসী শ্রমিকরা অংশ নেন। তারা ব্যবসায়িক সুযোগ-সুবিধা ও বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক কূটনীতিকে সরকারের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বৈশ্বিক ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র সিঙ্গাপুরের বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়লে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে।
তিনি বলেন, সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত বিষয়ে সরকারি ও বেসরকারি অংশীজনদের সঙ্গে সমন্বয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক উইংও গঠন করা হয়েছে।
সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতির বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গবেষণা, উদ্ভাবন এবং উপযুক্ত নীতি সহায়তার মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণ ও নতুন রপ্তানি খাতের বিকাশের ওপর গুরুত্ব দেন। সিঙ্গাপুরের বাজারে পাট ও পাটজাত পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা ডেটা সেন্টারকে বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগের একটি সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করেন। একই সঙ্গে বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) হলে সম্ভাব্য সুফলের বিষয়টিও তুলে ধরেন তারা।
ব্যবসায়ী প্রতিনিধিদের মতে, এফটিএ সম্পাদিত হলে সিঙ্গাপুরের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার মাধ্যমে বাংলাদেশের ইস্পাত, জাহাজ নির্মাণ ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতের প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে লাভবান হতে পারে।
বাংলাদেশি পণ্যের প্রদর্শনের জন্য রোড শো ও বাণিজ্য মেলা আয়োজন, সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ সার্ভিস চালু এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজ করার প্রস্তাবও দেন ব্যবসায়ী প্রতিনিধিরা।
পেশাজীবী ও প্রবাসী শ্রমিকরা প্রবীণদের সেবা ও পরিচর্যা বা ‘এল্ডারলি কেয়ারগিভিং’কে বাংলাদেশিদের জন্য একটি উদীয়মান কর্মসংস্থান খাত হিসেবে চিহ্নিত করেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তি (আইটি), ডেটা অ্যানালাইসিস, সাইবার সিকিউরিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো দক্ষতাভিত্তিক খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানান তারা।
এ সময় অংশগ্রহণকারীরা উচ্চ অভিবাসন ব্যয় এবং কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সম্ভাব্য শোষণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
জবাবে শামা ওবায়েদ বলেন, শোষণ রোধ এবং অভিবাসন ব্যয় কমাতে সরকার নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ব্যবস্থার আওতায় আনার জন্য কাজ করছে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি)-এর আওতাধীন সুযোগগুলোও পর্যালোচনা করা হচ্ছে।
বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, ওষুধ শিল্প, আইসিটি, শিক্ষা এবং কারিগরি শিক্ষার (টিভিইটি) ক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন।
‘বাংলাদেশ বিশ্বের সব প্রান্তের বিনিয়োগের জন্য উন্মুক্ত’ উল্লেখ করে তিনি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের দেশে বিনিয়োগের সুযোগগুলো অন্বেষণের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী অংশগ্রহণকারীদের তাদের প্রস্তাবনাগুলো লিখিতভাবে জমা দেওয়ার অনুরোধ করেন, যাতে সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের কল্যাণে কাজ করার ব্যাপারে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।