নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা বাঁক পেরিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী রাজনীতিতে হাতেখড়ি, ঊনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দায়িত্ব পালন, শিক্ষকতা ও সরকারি চাকরি—সবশেষে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করে এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হতে যাচ্ছেন তিনি।
জাতীয় সংসদের প্রত্যক্ষ ভোটাভুটির মাধ্যমে সংসদ সদস্যরা তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুলের প্রায় ছয় দশকের রাজনৈতিক ও কর্মজীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্ক রাখার সুযোগ নেই। ফলে বিএনপির দীর্ঘদিনের মহাসচিবের দায়িত্ব থেকেও তাকে সরে দাঁড়াতে হয়েছে।
১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলার কালীবাড়ি এলাকায় জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন তৎকালীন মুসলিম লীগের প্রভাবশালী নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য।
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করার পর উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজে পড়াশোনা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। যোগ দেন বামপন্থী পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে (ইপিএসইউ)। ১৯৬৯ সালে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন।
রাজনীতির এই ধারাবাহিকতায় অল্প সময়ের জন্য মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সঙ্গেও যুক্ত হন তিনি।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পথ ধরেই জাতি এগিয়ে যায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের দিকে। মুক্তিযুদ্ধের সময় মির্জা ফখরুল বামপন্থী মুক্তিযোদ্ধাদের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। একপর্যায়ে তিনি ভারতে আশ্রয় নেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন।
স্বাধীনতার পর ১৯৭২ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি। ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরির অংশ হিসেবে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপ-পরিচালকের দায়িত্বও পালন করেন।
পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপ-প্রধানমন্ত্রী এস এ বারির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। একই সঙ্গে ইউনেস্কো জাতীয় কমিশনেও কাজ করেন তিনি।
প্রায় দেড় দশক সরকারি চাকরিতে থাকার পর ১৯৮৬ সালে চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন মির্জা ফখরুল। ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের জন্মস্থান ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীকালে নব্বইয়ের দশকের শুরুতে তিনি বিএনপিতে যোগ দেন।
এর সময়টিও ছিল দেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বৈরাচারবিরোধী আন্দোলন তখন তুঙ্গে। হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণআন্দোলনের সেই সময়ে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন মির্জা ফখরুল।
দলের সাংগঠনিক কাঠামোর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে ধীরে ধীরে কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন তিনি। প্রথমে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং পরে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ও পরে সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সরকার গঠন করলে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়ার একটি আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্তের কারণে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপির অন্য কয়েকজন নির্বাচিত সদস্য সংসদে যোগ দিলেও পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তারাও পদত্যাগ করেন।
মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি হলো বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন।
২০১১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর ২০১৬ সালের ৩০ মার্চ তাকে দলের মহাসচিবের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর দলটির মহাসচিবদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় এই পদে ছিলেন মির্জা ফখরুল।
তার মহাসচিব হওয়ার সময় বিএনপিকে দেশের রাজনীতিতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা, গ্রেপ্তার এবং দলের শীর্ষ নেতৃত্বের নানা সংকটের মধ্যেও সংগঠনকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পরও দল পরিচালনায় সামনে থেকে নেতৃত্ব দেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সমন্বয় করে দলীয় কর্মকাণ্ড পরিচালনায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই সময় তাকে একাধিকবার কারাবরণ করতে হয়। তবুও দলের শীর্ষ নেতৃত্বের একজন হিসেবে তার রাজনৈতিক ভূমিকা অব্যাহত থাকে।
২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে। নতুন সরকারের মন্ত্রিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অল্প সময়ের মধ্যেই দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির জন্য তার নাম সামনে আসে। শেষ পর্যন্ত জাতীয় সংসদের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির সঙ্গে তার দীর্ঘ সাংগঠনিক সম্পর্কেরও আনুষ্ঠানিক অবসান ঘটে। এ প্রক্রিয়ায় আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরবর্তীতে তিনি একটি বেসরকারি বীমা প্রতিষ্ঠানে কাজ করেন।
এই দম্পতির দুই মেয়ে। দুজনই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। বড় মেয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পোস্টডক্টরাল ফেলো হিসেবে কর্মরত, আর ছোট মেয়ে ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বিনয়ী, সংযত ও মধ্যপন্থী রাজনীতিক হিসেবে পরিচিতি পেয়েছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক তুলনামূলকভাবে সৌহার্দ্যপূর্ণ বলে রাজনৈতিক অঙ্গনে তার সুনাম রয়েছে।
বিএনপির কঠিন সময়ের দীর্ঘদিনের নেতৃত্ব, রাজনৈতিক সহনশীলতা, সংযত বক্তব্য এবং বিভিন্ন রাজনৈতিক মতের মানুষের সঙ্গে যোগাযোগ রাখার সক্ষমতার কারণে দলটির বাইরেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
ছাত্রজীবনের বামপন্থী রাজনীতি থেকে মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষকতা ও সরকারি চাকরি থেকে নির্বাচিত জনপ্রতিনিধি, প্রতিমন্ত্রী থেকে বিএনপির দীর্ঘমেয়াদি মহাসচিব—দীর্ঘ এই রাজনৈতিক অভিযাত্রার পর এবার বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী প্রবীণ নেতার ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক ঐতিহাসিক অধ্যায়।