নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, তিনি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, কারো আত্মীয় হিসেবে নয়। একই সঙ্গে সাংবাদিকদের আরও পেশাদারত্বের সঙ্গে প্রশ্ন করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে তাকে মন্ত্রীর ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করেন। জবাবে ব্যারিস্টার পার্থ বলেন, ‘আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়। আশা করি আরও প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।’
ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না এবং শেখ হাসিনাকে কবে নাগাদ দেশে ফেরত আনা সম্ভব হবে—জানতে চান তিনি।
জবাবে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন—এ বিষয়টি বাংলাদেশ সরকার জানে। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে জানানো হয়েছে।
পার্থ বলেন, ‘আমার জানা মতে, ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় পক্ষ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে।’
তিনি বলেন, রাজনৈতিকভাবে সরাসরি কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যদি আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটি শেখ হাসিনার জন্য খুব একটা সুখবর হবে না।
তথ্যমন্ত্রী আরও বলেন, শুধু শেখ হাসিনাই নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, সরকার তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনতে চায়।
তিনি বলেন, বিদেশে অবস্থানরত অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও প্রক্রিয়া অব্যাহত রয়েছে।