প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান খান ও অ্যাডভোকেট মাসুদ মিয়া।
আদেশের পর আইনজীবী মাসুদ মিয়া জানান, বিদিশার বিরুদ্ধে আর কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে কারাগার থেকে মুক্তি দিতে আইনগত কোনো বাধা নেই। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি কারামুক্ত হতে পারবেন।
এর আগে গত ২০ মে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের সময় আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে আপিলের শর্তে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। তবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে ২ সেপ্টেম্বর দুই বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন বিদিশা। একই সঙ্গে আপিলের শর্তে জামিন আবেদন করা হলে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত তা নামঞ্জুর করেন। ফলে তাকে কারাগারেই থাকতে হয়। এরপর উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ২০০১ সালে ফ্ল্যাটটি কেনার জন্য বিদিশার সঙ্গে চুক্তি করেন তিনি এবং পরে ৭৫ লাখ টাকা পরিশোধ করেন।
চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়। পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে বিদিশা একটি চেক দেন। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।