নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেছেন, গাফিলতি করলে কঠোর শাস্তি এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে পুরস্কার দেওয়া হবে।
সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মহড়ায় ব্যাংকক থেকে আসা ৯৮ জন যাত্রী ও পাঁচজন ক্রুবাহী একটি উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি ও পরবর্তী অগ্নিকাণ্ডের কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়। এ সময় বিমানবন্দরের অগ্নিনির্বাপণ বিভাগ, এয়ার ট্রাফিক কন্ট্রোল, উদ্ধারকারী দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করে।
মন্ত্রী বলেন, জরুরি পরিস্থিতিতে যাত্রীদের জীবন ও নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি, দক্ষতা ও সমন্বয়ের ওপর নির্ভর করে। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না।
দেশের বিমানবন্দরগুলোতে শতভাগ নিরাপত্তা ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।