বিশেষ প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশে ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণের প্রবল আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন। একইসঙ্গে বাংলাদেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) সার কারখানা স্থাপনের বিষয়েও আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানায়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
বৈঠকে মারুবেনির প্রতিনিধিদল বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে নতুন বিনিয়োগ এবং কাফকোতে বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করে।
প্রধানমন্ত্রী শেখ রিয়াজুল তারেক রহমান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দেশের অর্থনৈতিক সম্ভাবনা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে মারুবেনির বিনিয়োগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “মারুবেনির সঙ্গে বাংলাদেশের পাটজাত পণ্যের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন নতুন উদীয়মান খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।”
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টার চালুর পরিকল্পনা:
বৈঠকে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর সম্ভাবনা পর্যালোচনা করা হয়, যেখানে মারুবেনির বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার বিষয় যুক্ত রয়েছে। পাশাপাশি প্রকৌশল স্নাতকদের সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলে বাংলাদেশকে আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার সরকারি পরিকল্পনা তুলে ধরা হয়।
কৃষি ও সার খাতে সহযোগিতা:
কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি এবং এআই-এর ব্যবহার বাড়াতে মারুবেনির প্রযুক্তিগত সহায়তার বিষয়ে ইতিবাচক কথা হয়। এছাড়া সার ঘাটতি মেটাতে বিদ্যমান কাফকো প্রকল্পের পাশাপাশি দেশে দ্বিতীয় একটি ‘কাফকো’ স্থাপনের বিষয়ে যৌথ পর্যালোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।
বৈঠকে আশা প্রকাশ করা হয়, বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে।
সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান। মারুবেনি কর্পোরেশনের পক্ষে ছিলেন দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশের কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।