পঞ্চগড় জেলা কারাগারে দায়িত্ব পালনকালে ৫৭টি ভুয়া বিল পাস করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চাকরি হারিয়েছেন সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহ। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চাকরি থেকে বরখাস্তের বিষয়টি জানানো হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আব্দুল ফাত্তাহ ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চগড় জেলা কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে কারাগারের খোরাকি রেশন খাতে সরকারি অর্থ তছরূপ ও অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
কারাগারের ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আর্থিক বিভাগের নিরীক্ষা প্রতিবেদনে এসব অনিয়মের তথ্য উঠে আসে। পরে ওই প্রতিবেদনের ভিত্তিতে কারা অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি সরেজমিনে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে ‘বাবা মায়ের দোয়া’, ‘নূর স্টোর’ ও ‘শুভ স-মিল’ নামে তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৭টি ভুয়া বিল অনুমোদন করিয়ে মোট ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় কারাগারের জেল সুপার, জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং কারারক্ষী মো. জাফর মাহমুদ শাকিলের যোগসাজশের কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আত্মসাৎ করা অর্থের মধ্যে ৯টি চালানের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা সোনালী ব্যাংকের পঞ্চগড় শাখায় জমা দেওয়া হয়। এর মধ্যে আব্দুল ফাত্তাহ ৪০ লাখ টাকা জমা দেন।
অভিযোগে বলা হয়, কারাগারে বন্দীর সংখ্যা কম থাকা সত্ত্বেও ২০২৩-২৪ অর্থবছরে চারটি পৃথক চাহিদাপত্রের মাধ্যমে খোরাকি রেশন খাতে অতিরিক্ত অর্থ নেওয়ার চেষ্টা করা হয়। এ ছাড়া জেল সুপারকে পাশ কাটিয়ে কারারক্ষী জাফর মাহমুদ শাকিলকে দিয়ে বিল প্রস্তুত, রেজিস্টারে লিপিবদ্ধ এবং জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এসব অভিযোগে কারা অধিদপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর আব্দুল ফাত্তাহর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। ২০২৬ সালের ৭ জানুয়ারি তার ব্যক্তিগত শুনানি নেওয়া হয়।
পরবর্তী সময়ে নিয়োগ করা তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন। এরপর চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আব্দুল ফাত্তাহ গত ৫ জুলাই ওই নোটিশের জবাব দেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মকমিশনও তাকে চাকরি থেকে বরখাস্ত করার বিষয়ে সম্মতি দেয়। সব তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।