নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান সফররত বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে পাকিস্তান সরকারের প্রকাশিত একাধিক ছবিতে এ সাক্ষাতের বিষয়টি সামনে আসে।
বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
বুধবার দিবাগত রাত ১২টার পর পাকিস্তান সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যদের সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করা হয়।
প্রকাশিত ছবিতে বাংলাদেশের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে করমর্দন করতে দেখা যায়। পরবর্তী ছবিগুলোতে প্রতিনিধিদলের অন্য সদস্যদের সঙ্গেও শাহবাজ শরিফের শুভেচ্ছা বিনিময় ও করমর্দনের দৃশ্য উঠে আসে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় যোগাযোগ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষাপটে এ সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। তবে সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু বা কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের বিষয়ে প্রকাশিত ছবিগুলোতে বিস্তারিত তথ্য জানানো হয়নি।