নিজস্ব প্রতিবেদক
ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে রাজপথে লড়াই করেছে বলেই আজ কেউ তাদের ‘সুপ্ত’ কিংবা ‘গুপ্ত’ বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসংলগ্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের বাবা মো. রহমত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
আবরার ফাহাদ হত্যার প্রেক্ষাপট তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, তৎকালীন সরকারের সময়ে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই সময়ে আবরার ফাহাদ সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় স্বার্থের পক্ষে প্রতিবাদ জানিয়েছিলেন। পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে তিনি মন্তব্য করেন।
চব্বিশের গণ-অভ্যুত্থানের সঙ্গে আবরার ফাহাদের হত্যার যোগসূত্র তুলে ধরে রিজভী বলেন, দেশের মানুষের মধ্যে বিদ্রোহের যে আকাঙ্ক্ষা ছিল, তা দমন-পীড়নের মাধ্যমে স্তব্ধ করা যায়নি। আবরারের আত্মত্যাগ পরবর্তীতে বড় আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনোই কারও কাছে আত্মসমর্পণ করব না।’
রিজভী আরও বলেন, দেশের মাটি ও স্বার্থের প্রশ্নে আবরার ফাহাদ ছিলেন আপসহীন। তার আত্মত্যাগ জাতীয় স্বার্থের পক্ষে প্রতিবাদের প্রতীক হয়ে রয়েছে।
বিগত সরকারের সময়ে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের কথা তুলে ধরে রিজভী বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা রক্তাক্ত হয়েছেন, মার খেয়েছেন; কিন্তু তারা তাদের রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি।
তিনি বলেন, খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে। সে কারণে আজ তাদের ‘সুপ্ত’ কিংবা ‘গুপ্ত’ বলার সুযোগ নেই।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আবরার ফাহাদকে হত্যার মাধ্যমে তৎকালীন সরকার বিরোধী মত প্রকাশের ক্ষেত্রে ভীতি সৃষ্টি করতে চেয়েছিল। তবে ওই হত্যাকাণ্ডের ঘটনা শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে জনমত তৈরিতে ভূমিকা রাখে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আবরার ফাহাদের হত্যার মতো নির্মম ঘটনা সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছিল।
আবরার ফাহাদ হত্যাসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রতিবাদ করেছিল ছাত্রদল। দীর্ঘ সময় ধরে ছাত্রদলের বহু নেতা-কর্মী গুম-খুন ও নির্যাতনের শিকার হলেও তারা রাজপথ ছাড়েননি।
ছাত্রদল সভাপতি আরও বলেন, আবরার ফাহাদ জাতীয় স্বার্থের পক্ষে অবস্থান নিতে গিয়ে নিহত হয়েছেন। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ছাত্রদল আপসহীন থাকবে। তিনি আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।