ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রশিক্ষণরত ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, মানবিকতা ও সেবার মনোভাবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে একজন চিকিৎসকের ওপর জনগণের প্রতি দায়িত্ববোধ, সততা, মানবিকতা ও পেশাগত জবাবদিহিতার বড় দায়িত্ব এসে যায়। এই শপথের মর্যাদা রক্ষা করেই চিকিৎসকদের রোগীদের সেবা দিতে হবে।”
শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, চিকিৎসকদের সব সময় রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। প্রতিকূল পরিস্থিতিতেও হাসিমুখে সেবা দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। একজন চিকিৎসকের প্রকৃত পরিচয় তাঁর মানবিক আচরণ ও দায়িত্বশীল সেবার মধ্যেই প্রতিফলিত হয়।
তিনি আরও বলেন, শপথ গ্রহণের মাধ্যমে একজন চিকিৎসকের ওপর বড় দায়িত্ব অর্পিত হয়। রোগীদের প্রতি আন্তরিকতা, প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাবোধ এবং দেশের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার মাধ্যমেই একজন চিকিৎসক পেশাগত উৎকর্ষ অর্জন করতে পারেন।
রাজশাহী মেডিকেল কলেজ সম্পর্কে তিনি বলেন, এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং সংশ্লিষ্ট সবার আবেগ ও গর্বের প্রতীক। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, আচরণ ও সেবার মানের মাধ্যমে কলেজের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে তিনি ইন্টার্ন চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, ড্যাব নেতা ডা. ওয়াসিম হোসেন, ডা. মুর্শেদ জামান মিয়াসহ হাসপাতালের চিকিৎসক, প্রশিক্ষণরত চিকিৎসক এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজের ৬২তম ব্যাচের মোট ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক এ শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশ নেন।