নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, হত্যাকাণ্ডের অধিকতর তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেবে। সরকার এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
রোববার রংপুর নগরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা অত্যন্ত রোমহর্ষক ও মর্মান্তিক। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই।
তিনি বলেন, মাদকাসক্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা প্রায়ই ওই বাড়িতে গিয়ে গণপতি চক্রবর্তীকে বিরক্ত করতেন। তাদের বাধা দিতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্ত্রী জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ মূল দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় ঘটনার বিষয়ে আর সন্দেহের কিছু নেই। তবে তদন্তের স্বার্থে পুলিশ অধিকতর তদন্ত করে অভিযোগপত্র দেবে।
আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমান সরকার এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে কয়েকটি ঘটনায় সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে। রামিসা হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং এর বিচারকাজও শেষ হয়েছে।
এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।