উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মিল্লাঝিল্লা কুমিল্লা-৯২ মেগা মিলনমেলা’। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী টাচে দিনব্যাপী এ মিলনমেলায় অংশ নেন ১৯৯২ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা।
দীর্ঘদিন পর প্রিয় সহপাঠী ও বন্ধুদের একসঙ্গে কাছে পেয়ে মিলনমেলায় সৃষ্টি হয় আবেগঘন ও আনন্দময় পরিবেশ। পুরোনো দিনের স্মৃতিচারণ, আড্ডা, হাসি-আনন্দ এবং পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।
মিলনমেলায় অংশগ্রহণকারীদের আপ্যায়নেও ছিল বিশেষ আয়োজন। সকালের নাস্তা, চা-কফি দিয়ে শুরু হয় দিনের আয়োজন। এরপর দুপুরে ছিল মধ্যাহ্নভোজ। বিকেলে রসমালাই, বিভিন্ন ধরনের ফল, সিঙ্গারা, পেঁপে এবং চা-কফির আয়োজনে আড্ডা আরও জমে ওঠে। বন্ধুদের সঙ্গে গল্প, সাংস্কৃতিক অনুষ্ঠান আর খাবারের স্বাদ—সব মিলিয়ে দিনব্যাপী আয়োজন হয়ে ওঠে আরও উপভোগ্য।
শুধু খাবার আর আড্ডাতেই সীমাবদ্ধ ছিল না মিলনমেলা। দিনের শেষভাগে র্যাফেল ড্র ও হাউজি খেলা আয়োজনটিতে যোগ করে ভিন্ন মাত্রা। হাউজি খেলাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় বাড়তি উৎসাহ-উদ্দীপনা। আনন্দ-উচ্ছ্বাস আর হাস্যরসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।
আয়োজকরা জানান, দীর্ঘ সময় পর বন্ধুদের এই মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল পুরোনো বন্ধুত্বকে নতুন করে জাগিয়ে তোলা, পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং স্মৃতিময় একটি দিন উপহার দেওয়া।
আয়োজন শেষে অংশগ্রহণকারীরা এমন সুন্দর ও প্রাণবন্ত মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।