প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং তাঁদের অধিকার বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলা কমিটিকে সক্রিয় করার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদের হলরুমে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের আয়োজনে এবং সাইটসেভার্সের সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য মো. গোলাম রব্বানী। প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের চেয়ারম্যান মোছাঃনাসিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের আমির মো. আসাদুজ্জামান শিমুল এবং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন।
কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বাস্তবায়নে সংশ্লিষ্ট কমিটিকে আরও কার্যকর করা এবং সমাজের সর্বস্তরে তাঁদের সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর ভূমিকা ও সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন আয়োজকেরা।
আশরাফুল ইসলাম, রংপুর।